বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুকে সমর্থন দিয়ে মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নাটকীয় মোড় নিল রাজনীতি। আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বড়লেখার একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। এ সময় বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. আব্দুন নুর বলেন, “আমি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মানুষের মধ্যে পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা দেখেছি। আমাদের দলের সভাপতি ভিপি নুরুল হক নুরের বিএনপির সাথে যে সমঝোতার সিদ্ধান্ত, তাকে সম্মান জানিয়ে এবং বড়লেখা-জুড়ীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”
দলীয় সমঝোতার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন আব্দুন নুর। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ‘মাফিয়া’ এবং তার সহযোগীরা তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তিনি বলেন, “তারা প্রকাশ্যে আমার বাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। আমি নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি যদি কোনো টার্গেট কিলিংয়ের শিকার হই, তবে দেশবাসীকে জানিয়ে রাখলাম—আমি মানুষের অধিকারের জন্য রাজপথে ছিলাম এবং থাকব।”
উল্লেখ্য যে, শুক্রবার রাত পর্যন্তও আব্দুন নুর তাঁর ট্রাক প্রতীকের পক্ষে জেলা নেতৃবৃন্দকে নিয়ে বড়লেখা ও জুড়ীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছিলেন। ফলে রাতের এই আকস্মিক ঘোষণা স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...