ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০টি ভিন্ন ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদকে সরাসরি 'ক্রীড়াকার্ড' প্রদান করা হয়।
দেশের ক্রীড়াঙ্গনকে পেশাদারিত্বের রূপ দিতে এবং খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের প্রত্যেকের মোবাইলে তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা পৌঁছে যায়। অনুষ্ঠানে ২০টি ভিন্ন ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদকে সরাসরি ‘ক্রীড়াকার্ড’ ও আন্তর্জাতিক সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি ও ভলিবলসহ বিভিন্ন খেলার সফল অ্যাথলেটরা এই তালিকায় স্থান পেয়েছেন। তবে ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই সরকারি ভাতার আওতার বাইরে থাকছেন।
নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে এবং তাদের জীবনমান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে দেশের ক্রীড়া উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন:
পর্যায়ক্রমিক নিয়োগ: এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনা হবে।
পারফরম্যান্স মূল্যায়ন: প্রতি চার মাস পরপর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে সুবিধা অব্যাহত থাকবে, অন্যথায় তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি থাকবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, মিজানুর রহমান মিনু, শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...